এআই দৌড়ে এগিয়ে যাচ্ছে এশিয়া

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ণ
এআই দৌড়ে এগিয়ে যাচ্ছে এশিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের উন্নত মডেল ‘মিথস’ ও ‘ফেবল ৫’ সরকারি নিষেধাজ্ঞার কারণে সীমিত হয়ে পড়ায় বিশ্ববাজারে তৈরি হয়েছে নতুন শূন্যতা। এই সুযোগকে কাজে লাগিয়ে এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজস্ব নতুন এআই মডেল নিয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে।

জাপানের স্টার্টআপ প্রতিষ্ঠান ‘সাকানা এআই’ বাজারে এনেছে ‘ফুগু’ নামক নতুন এআই মডেল। প্রতিষ্ঠানটির দাবি, এই মডেল অ্যানথ্রপিকের সমমানের শক্তিশালী সক্ষমতা সম্পন্ন। ফুগু’র বিশেষত্ব হলো, এটি একই সঙ্গে একাধিক এআই সিস্টেম পরিচালনা করতে পারে, যা ব্যবহারকারীদের নির্দিষ্ট একটি প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমাবে। সাকানা এআই জানিয়েছে, জাপানের ব্যবসায়িক ও সরকারি প্রতিষ্ঠানের চাহিদা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে এবং এটি কোনো বিকল্প নয়, বরং একটি স্বাধীন প্রযুক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।

অন্যদিকে, চীনের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘৩৬০’ সাইবার সুরক্ষায় নতুন দুটি টুল নিয়ে এসেছে। ‘তুলংফেং’ সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করতে সক্ষম, অন্যদিকে ‘ইতিয়ানঝেন’ তৈরি হয়েছে সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, এই প্রযুক্তিগুলো বৈশ্বিক সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে বড় ভূমিকা রাখবে।

অ্যানথ্রপিকের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও সরকারি বিধিনিষেধের পর বিশ্বজুড়ে প্রযুক্তি নির্ভরতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, একটি নির্দিষ্ট দেশের প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা বৈশ্বিক ঝুঁকি বাড়ায়, যে কারণে বিভিন্ন দেশ এখন নিজস্ব সক্ষমতা বাড়ানোর দিকে ঝুঁকেছে। এশিয়ার প্রতিষ্ঠানগুলোর এই অগ্রযাত্রা প্রমাণ করছে যে, ভবিষ্যতের এআই বাজারে প্রতিযোগিতা আরও তীব্র ও বহুমুখী হবে। মার্কিন প্রযুক্তির গুরুত্ব অপরিসীম থাকলেও, নিজস্ব উদ্ভাবনে এশিয়ার এই উত্থান বিশ্ব এআই বাজারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন