অস্ট্রেলিয়ায় নিখোঁজের ৮ দিন পর জঙ্গল থেকে লিলি হুপারের মরদেহ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ায় নিখোঁজের ৮ দিন পর জঙ্গল থেকে লিলি হুপারের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে নিখোঁজ হওয়ার দীর্ঘ আট দিন পর ১৮ বছর বয়সী কিশোরী লিলি হুপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের সাউদার্ন হাইল্যান্ডস এলাকার ঘন ও দুর্গম জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গত ১২ আগস্ট সিডনির নিজ বাসা থেকে নিকটবর্তী নাট্টাই জাতীয় উদ্যানে হাঁটার উদ্দেশ্যে বের হন লিলি হুপার। রাত পর্যন্ত ফিরে না আসায় পরিবার পুলিশকে অবহিত করে। পরবর্তীতে উদ্যানের একটি ট্রেইলের পার্কিং লটে তাঁর গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলে সেনাবাহিনী, অশ্বারোহী দল, ড্রোন ও প্রশিক্ষিত কুকুরসহ একাধিক ইউনিটের সমন্বয়ে বিশাল উদ্ধার অভিযান শুরু করা হয়।

দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। তবে উদ্ধার অভিযানের শেষ মুহূর্তে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনা সামনে এসেছে।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার (মুখ্যমন্ত্রী) ক্রিস মিনস পার্লামেন্টের এক শুনানিতে ভুলবশত দাবি করেন যে, লিলিকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই তথ্য পৌঁছে দেওয়া হয় কিশোরীর পরিবারকেও। তবে এর কিছুক্ষণ পরই মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য সংশোধন করে জানান, লিলি জীবিত নেই; তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক ভুলের জন্য পার্লামেন্টে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী ক্রিস মিনস। পাশাপাশি নিউ সাউথ ওয়েলস পুলিশের প্রধান কমিশনার ম্যাল ল্যানিয়নও ভুল যোগাযোগের দায়িত্ব নিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

লিলি হুপারের এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। পার্লামেন্টে দেওয়া এক শ্রদ্ধাবার্তায় তিনি বলেন, লিলি হুপারের পৃথিবী ও সমাজকে দেওয়ার মতো আরও অনেক কিছু ছিল। তাঁর এই অকালমৃত্যু পুরো দেশের হৃদয় ছুঁয়ে গেছে।

এ ছাড়া স্থানীয় আইনপ্রণেতা ও বিরোধীদলীয় নেতৃবৃন্দ এই মর্মান্তিক ঘটনার তীব্র শোক প্রকাশের পাশাপাশি ভুল তথ্য ছড়িয়ে পরিবারটিকে নতুন করে মানসিক যন্ত্রণা দেওয়ার তীব্র সমালোচনা করেছেন।

মন্তব্য করুন