ডিজিটাল-ভার্চ্যুয়াল সম্পদ বিষয়ে মুফতি তকী উসমানীর পরামর্শ নিল পাকিস্তান
সকালবেলা অনলাইন: ডিজিটাল ও ভার্চ্যুয়াল সম্পদ সংক্রান্ত লেনদেনে শরিয়াহ সম্মত দিকনির্দেশনা পেতে মুফতি আজম পাকিস্তানের পরামর্শ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ভার্চ্যুয়াল এসেট রেগুলেটরি অথরিটির (পিভারা) চেয়ারম্যান বিলাল বিন সাকিব।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ডিজিটাল ও ভার্চ্যুয়াল সম্পদের জন্য একটি শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বোর্ডের নির্দেশনা অনুযায়ী ডিজিটাল মুদ্রা ও ভার্চ্যুয়াল সম্পদের যাবতীয় লেনদেন পরিচালিত হবে।
বিলাল বিন সাকিব বলেন, ডিজিটাল রেমিট্যান্স চালুর মাধ্যমে প্রবাসীদের অর্থ পাঠানোর খরচ বিদ্যমান ৬.৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে। এর ফলে পাকিস্তানের বছরে প্রায় ৪১ কোটি মার্কিন ডলার সাশ্রয় হবে।
তিনি আরও উল্লেখ করেন, গত ছয় মাসে পিভারা তাদের কার্যক্রমে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বর্তমানে পাকিস্তানে প্রায় ৪ কোটি মানুষের ডিজিটাল সম্পদ ব্যবহারের সক্ষমতা রয়েছে।
সূত্র: ডেইলি জং
এআইএল/সকালবেলা