ফ্যামিলি ও কৃষক কার্ডে দুর্নীতি হলে বাদী হয়ে মামলা করবেন ডেপুটি স্পিকার

প্রকাশ: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ণ
ফ্যামিলি ও কৃষক কার্ডে দুর্নীতি হলে বাদী হয়ে মামলা করবেন ডেপুটি স্পিকার

নূর আলম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। দুর্নীতি প্রমাণিত হলে প্রয়োজনে তিনি নিজেই বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে ঘোষণা দেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, সরকারের উন্নয়নমূলক ও জনকল্যাণকর এসব সুবিধার স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত কৃষক ও দুস্থ পরিবারের কাছে পৌঁছাতে হবে। দল-মতের ঊর্ধ্বে উঠে সর্বনিম্ন স্তরের নিঃস্ব ও সুবিধাবঞ্চিত মানুষদের তালিকাভুক্ত করার জন্য তিনি তথ্য সংগ্রহকারীদের নির্দেশ দেন।

অনুষ্ঠান শেষে ফ্যামিলি শুমারি কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের হাতে মোবাইল ট্যাব তুলে দেন ডেপুটি স্পিকার। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন