গুপ্তচরবৃত্তি আইনের মামলায় ভারতীয় নাগরিক ৭ দিনের রিমান্ডে

প্রকাশ: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ণ
গুপ্তচরবৃত্তি আইনের মামলায় ভারতীয় নাগরিক ৭ দিনের রিমান্ডে

বিশেষ প্রতিবেদক: অসংলগ্ন তথ্যপ্রদান, ভুয়া কাগজপত্র ব্যবহার এবং সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে আটক ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে গুপ্তচরবৃত্তি আইনের মামলায় সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নথিসূত্রে জানা গেছে, রবিউল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে প্রবেশের পর উত্তরা পশ্চিম এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ভারতীয় জাতীয় পরিচয়পত্রের জন্মতারিখে চরম অসঙ্গতি পাওয়া যায়। এমনকি ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও তার পাসপোর্টে জন্মস্থান হিসেবে সৌদি আরবের রিয়াদ উল্লেখ রয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত রবিউল ব্যবসায়ী পরিচয়ে বাংলাদেশে অবস্থান করলেও মূলত বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত ছিলেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার ছবি তোলা ও নথিপত্র সংগ্রহ করে তথ্য পাচারের চেষ্টা চালিয়েছেন।

পূর্বে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আট দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে প্রাথমিক সত্যতা ও তথ্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ১৯২৩ সালের 'অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট' (গুপ্তচরবৃত্তি আইন)-এ নিয়মিত মামলা রজু করা হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন