বিমানবন্দর পরিচালককে ‘ঘাড় ধরে বের করে দেওয়ার’ হুমকি জামায়াত নেতার
অনলাইন ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এস এম রাগীব সামাদকে ‘ঘাড় ধরে বের করে দেওয়ার’ হুমকি দিয়েছেন জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমানবন্দর প্রাঙ্গণে নির্বাহী কর্মকর্তা ও পরিচালককে উদ্দেশ্য করে আঙুল উঁচিয়ে তাঁকে প্রকাশ্যে শাসাতে দেখা যায়।
ঘটনাস্থলের এক ভিডিও চিত্রে দেখা যায়, জামায়াত নেতা আক্তারুজ্জামান চরম ক্ষিপ্ত হয়ে বিমানবন্দর পরিচালককে বলেন, “কাজ করেন না, কিছু করেন না। ঘাড় ধরে বের করে দেব।” এক পর্যায়ে তিনি শারীরিক লাঞ্ছনার হুমকি দিয়ে বলেন, “মার খেতে চান?”
ঘটনার আকস্মিকতায় এ সময় সেখানে উপস্থিত জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা তাঁকে থামানোর ও শান্ত করার চেষ্টা করেন। ভিডিওতে ঢাকা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য কামাল হোসেনকে উপস্থিত থাকতে দেখা যায়।
পরিচালকের সাথে জামায়াত নেতার এমন অপেশাদার ও অসৌজন্যমূলক আচরণের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
এআইএল/সকালবেলা