ফেনীতে ১৫৪২ কোটি টাকার সেচ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ণ
ফেনীতে ১৫৪২ কোটি টাকার সেচ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, ফেনী: ফেনীতে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে জেলার পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ মেগা প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

প্রকল্পটি ফেনীর নদীপারের মানুষের দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রকল্পের আওতায় ৬৭.৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১.৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩.৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী পর্যায়ে মুহুরী ও কহুয়া নদীতে নতুন বাঁধ নির্মাণের পাশাপাশি সিলোনিয়া নদীতে বাঁধ নির্মাণ ও খননের পরিকল্পনাও রাখা হয়েছে।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন এবং ফুলগাজী ডাকবাংলো থেকে তিন উপজেলায় স্থাপিত ৯৬২ কিলোওয়াট ক্ষমতার ‘রুফটপ সোলার’ জাতীয় গ্রিডে সংযুক্তকরণ উদ্বোধনে অংশ নেবেন।

বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের মাঝে সরকারি সম্মানী ভাতা প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সন্ধ্যার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন