প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি তাঁর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) হামলা চালিয় গুঁড়িয়ে দেওয়া হয় এবং লুটপাট চালানো হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
এছাড়া ফেরদৌসী আহমেদ মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও নানা বিতর্ক ছিল। তিনি ঢাকা উত্তর সিটির ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলের নানা অভিযোগ ওঠে। রাড্ডা সেন্টারের জায়গা দখলের চেষ্টার সাথে যুক্ত 'সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড'-এর সভাপতি হিসেবেও পূর্বে দায়িত্বে ছিলেন তিনি।
এআইএল/সকালবেলা