যুগের চাহিদার সাথে শিক্ষার্থীদের পরিবর্তন হতে হবে: পরিবেশ মন্ত্রী

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ণ
যুগের চাহিদার সাথে শিক্ষার্থীদের পরিবর্তন হতে হবে: পরিবেশ মন্ত্রী

এম. জহিরুল হক মিলন, ফেনী: পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলাতে শিক্ষার্থীদের যুগের চাহিদার অনুপাতে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ‘দৈনিক ফেনীর সময়’ ও ‘আলোকিত ফেনী ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, “শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পরিবারে, পরে শিক্ষকরা তা পূর্ণতা দেন। সমাজ প্রতিনিয়ত বদলাচ্ছে, তাই অভিভাবকদেরও যুগের চিন্তাধারার সাথে খাপ খাইয়ে সন্তানদের গড়ে তুলতে হবে। প্রতিটি সন্তানের নিজস্ব মেধা ও বৈশিষ্ট্য রয়েছে, সেটিতে বাধা না দিয়ে তাদের মুক্ত বিকাশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমাদের সন্তানরা যেন কিশোর গ্যাং ও মাদকের মতো সামাজিক ব্যাধিতে জড়াতে না পারে, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।”

অনুষ্ঠানে স্বাগত ও সভাপতির বক্তব্যে ‘দৈনিক ফেনীর সময়’ সম্পাদক ও আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে সাড়ে তিন শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্ট, গাছ ও সার্টিফিকেট প্রদান করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, “এ অর্জন শিক্ষার পথচলার শুরু মাত্র। শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া অঙ্গনে সমানভাবে সক্রিয় হতে হবে এবং জীবনের বড় স্বপ্ন দেখতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খন্দকার, জেলা জজ কোর্টের পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, এনপিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত এবং স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আ.ন.ম আবদুর রহিম, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনসহ স্থানীয় শিক্ষক ও সমাজসেবকবৃন্দ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন