মিরপুরে উচ্ছেদ-সংঘাত, পুলিশের অভিযানে ৫ হকার গ্রেপ্তার
সকালবেলা ডেস্ক: রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সহিংসতা, যানবাহন ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের ধরতে কঠোর চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন হকারকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেটের সামনের ফুটপাতে উচ্ছেদ অভিযান চালনাকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়া মার্কেট সংলগ্ন ভবন ও নিচতলার মসজিদ অংশে ছড়িয়ে পড়লে পথচারী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে অগ্নিকাণ্ডের পর স্থানীয় ক্ষুব্ধ হকাররা সংগঠিত হয়ে তাণ্ডব চালায়। তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে অগ্নিসংযোগ করে এবং একটি ভেকু ও পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা প্রদান, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত মূল অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এলাকাটিতে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বর্তমানে অগ্নিকাণ্ড ও সংঘাত এড়ানো গেলেও পুরো মিরপুর-১০ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এআইএল/সকালবেলা