কাঁচপুরে যাচ্ছে সায়েদাবাদের দূরপাল্লার বাস: ডিএসসিসি প্রশাসক

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ণ
কাঁচপুরে যাচ্ছে সায়েদাবাদের দূরপাল্লার বাস: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহনব্যবস্থা সুশৃঙ্খল করতে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো শিগগিরই কাঁচপুরে নির্মাণাধীন নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে। প্রাথমিকভাবে অস্থায়ী শেড তৈরি করে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ ১৬টি রুটের বাস সেখানে স্থানান্তর করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি প্রশাসক জানান, কাঁচপুরে প্রাথমিক পর্যায়ে অস্থায়ী শেডের মাধ্যমে কার্যক্রম শুরুর পর সেখানে স্থায়ী আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে। দূরপাল্লার বাস মূল শহরে প্রবেশ না করলে ঢাকার যানজট বহুল অংশে কমবে। এছাড়া কাঁচপুর থেকে সায়েদাবাদে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের সুবিধার জন্য বিশেষ শাটল বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে তিনটি প্যাকেজে কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজ চলছে, যার সার্বিক অগ্রগতি প্রায় ৩০ শতাংশ। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ধাপের কাজ শেষ করে টার্মিনালটি চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রায় ১২ একর জমিতে নির্মিত এ টার্মিনালে ৪০৫টি বাস পার্কিং, ওয়েটিং জোন, ১০৬টি টিকিট কাউন্টার ও আধুনিক নাগরিক সুবিধার সংস্থান রাখা হচ্ছে। পাশাপাশি গুলিস্তান বাস টার্মিনাল বুড়িগঙ্গার ওপারে স্থানান্তরের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন