পরিকল্পিতভাবে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে: আফেন্দী
নিজস্ব প্রতিবেদক: দেশে পরিকল্পিতভাবে নানা বিভ্রান্তিকর বয়ান (ন্যারেটিভ) তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীতে ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজিত এক কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী বলেন, “পরিকল্পিতভাবে যেকোনো একটি মনগড়া বয়ান তৈরি করে জাতিকে ভুল বার্তা দেওয়া হচ্ছে। সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য প্রমাণের চেষ্টা চলছে। এমনকি সাদাকে কালো এবং কালোকে সাদা বানিয়ে উপস্থাপনের নানা আয়োজনও লক্ষ্য করা যাচ্ছে।”
তিনি আরও বলেন, এই পরিকল্পিত অপতৎপরতা রুখে দেওয়া সচেতন নাগরিক ও আলেম সমাজের নৈতিক দায়িত্ব। সময়ের চাহিদা বুঝে বুদ্ধিবৃত্তিক সচেতনতার সাথে শক্ত অবস্থান নিতে পারলে দেশ ও রাষ্ট্র সুরক্ষিত থাকবে।
তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে জমিয়ত মহাসচিব আশাবাদ ব্যক্ত করেন যে, দেশ ও উম্মাহর সংকটকালে তরুণ ছাত্র-জনতা অর্পিত দায়িত্ব পালনে সচেতনভাবে এগিয়ে আসবে এবং সকল বিভ্রান্তিকর বয়ান মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।
এআইএল/সকালবেলা