দিবাস্বপ্ন দেখছেন, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রকাশ: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ণ
দিবাস্বপ্ন দেখছেন, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শেখ হাসিনা আর কোনো দিন বাংলাদেশে ফিরবেন না। নেতাকর্মীদের বিপদে ফেলতে তিনি মাঝে মাঝে এ ধরনের কথা ছড়ান—এটিকে তাঁর চরিত্র উল্লেখ করে তিনি সবাইকে এমন দিবাস্বপ্ন থেকে দূরে থাকার আহ্বান জানান।

রোববার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সখীপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, "হাসিনা একসময় বলেছিলেন— ‘শেখের মেয়ে পালায় না’। অথচ বাংলাদেশের রাজনীতিতে একমাত্র তিনিই পালিয়েছেন। এখন আবার শোনা যাচ্ছে, তিনি ডিসেম্বরে ফিরবেন এবং তার নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। আমি তাদের স্পষ্ট করে বলতে চাই, আপনারা দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন। আপনাদের ফাঁদে ফেলার জন্যই তিনি এমন কথা বলেন, এটাই তাঁর চরিত্র। এ জীবনে তিনি আর ফিরবেন না।"

মন্ত্রী আরও বলেন, "আমরা তো চাই তিনি ফিরে আসুন। অসংখ্য গণহত্যার দায়ে তিনি এখন ফাঁসির আসামি। তিনি দেশে ফিরে আদালতে যান, কারাগারে যান এবং ফাঁসির দড়ি তাঁর গলায় ঝুলবে।"

এ সময় সখীপুরের বন বিভাগের উদ্দেশে মন্ত্রী বলেন, "আপনারা সাধারণ মানুষকে অযথা হয়রানি করবেন না। বেআইনি আটিয়া বন অধ্যাদেশ বিলুপ্তির বিষয়ে আমি জাতীয় সংসদে দুবার কথা বলেছি এবং সুযোগ পেলেই আবারও কথা বলব। এ নিয়ে বনমন্ত্রীর সঙ্গেও আমার একাধিকবার আলোচনা হয়েছে।"

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজাসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

এআইএল/সকালবেলা