প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি
স্টাফ রিপোর্টার: ভাষাগত দক্ষতা ও সুনির্দিষ্ট কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ও বৈধ পন্থায় কর্মী নিতে আগামী মাসে ঢাকায় বিশেষ কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে ইতালি দূতাবাস। এ উদ্যোগের মাধ্যমে আগ্রহী কর্মীদের ইতালীয় ভাষা, দেশটির সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ এবং প্রয়োজনীয় কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের ইতালিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার কথা জানিয়েছে দেশটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো।
সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক ভাষার ওপর গুরুত্বারোপ এবং দক্ষ জনশক্তি প্রেরণের লক্ষ্যকে সামনে রেখে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির একটি রূপরেখা উপস্থাপন করেন। তিনি জানান, বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নেওয়ার লক্ষ্যেই আগামী মাসে এ আয়োজন করবে ইতালি সরকার।
ইতালির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং তরুণ প্রজন্মের জন্য ভাষাগত দক্ষতা বৃদ্ধি করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিশ্বমানের দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে এবং দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দায়িত্বশীল ও প্রশংসনীয় ভূমিকার বিশেষ প্রশংসা করেন ইতালির রাষ্ট্রদূত। পাশাপাশি যেকোনো সংকট ও সম্ভাবনা মোকাবিলায় বিশ্বস্ত অংশীদার হিসেবে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এ ছাড়া বৈঠকে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ করে বৈধ উপায়ে ইতালিতে গমনের সুযোগ বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির প্রক্রিয়া সহজ করা এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি ইতালিতে বসবাস করছেন, যাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সৌজন্য সাক্ষাৎকালে ইতালি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেলিসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা