সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুতিরা

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ণ
সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে চলমান সংঘাত পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সম্ভাব্য বিমান হামলার হুঁশিয়ারির বিপরীতে পাল্টা কড়া বার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি স্থাপনা থেকে সাধারণ মানুষকে অবিলম্বে দূরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়, সানায় কোনো ধরনের সামরিক অভিযান বা হামলা চালানো হলে সৌদি আরবের দাম্মামে অবস্থিত জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর সদর দপ্তর, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদে আরামকোর তেল শোধনাগারকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে। সংঘাতের ঝুঁকিতে থাকা এসব এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

এর আগে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সানার একটি জ্বালানি স্থাপনায় বিমান হামলার ইঙ্গিত দিয়ে সেখানে অবস্থানরত বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার সতর্কবার্তা জারি করেন।

কয়েক দিন ধরেই উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা বৃদ্ধি পেয়েছে। গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত ও অন্তত তিন শতাধিক মানুষ আহত হন বলে জানা গেছে।

এদিকে মঙ্গলবার রিয়াদ অভিমুখে ড্রোন হামলার খবর নিশ্চিত করেছে সৌদি সামরিক জোট। ড্রোনগুলো আকাশে থাকতেই ধ্বংস করা হয়েছে দাবি করা হলেও, সেগুলো ঠিক কোথায় আঘাত হানার জন্য পাঠানো হয়েছিল তা স্পষ্ট করেনি জোট।

এআইএল/সকালবেলা