ভালুকায় ৮ বছরের দুর্ভোগ, সড়ক খুঁড়ে উধাও ঠিকাদার

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ
ভালুকায় ৮ বছরের দুর্ভোগ, সড়ক খুঁড়ে উধাও ঠিকাদার

মোঃ জাকির হোসাইন রাজু (ভালুকা, ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় পাকা করার নামে সড়ক খুঁড়ে ফেলে রেখে দীর্ঘ আট বছর ধরে কাজ বন্ধ রাখার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাতলামারি বাজার থেকে চামিয়াদী বাজার পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এই ভাঙাচোরা সড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন ছয়টি গ্রামের হাজার হাজার মানুষ।

স্থানীয় অধিবাসীরা জানান, প্রায় আট বছর আগে সড়কটি পাকা করার প্রাথমিক কাজ হিসেবে খুঁড়ে রাখা হয়। কিন্তু এরপর আর কোনো অগ্রগতি হয়নি। ফলে শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষায় কাদা-পানিতে পথটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আগে যেখানে ১০ টাকা ভাড়া ছিল, সেখানে এখন ৪০-৫০ টাকা দিয়েও চালকেরা যাত্রী বা মালামাল পরিবহন করতে চান না। এর ফলে কাতলামারি, চামিয়াদী, মরচি, পাঁচগাঁও, তালুটিয়া ও বনগাঁও গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে স্থানীয় পোলট্রি ও গবাদিপশুর খামারিরা উৎপাদিত পণ্য সময়মতো বাজারে নিতে না পেরে প্রতিনিয়ত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, 'ময়মনসিংহ রিজিওনাল রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট'-এর আওতায় ২০১৮-১৯ অর্থবছরে এই সড়কের মানোন্নয়ন কাজের দরপত্র আহ্বান করা হয়েছিল। 'ডলি কনস্ট্রাকশন' নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছয় কোটি ৯৩ লাখ ১৯ হাজার ৩৮৮ টাকা চুক্তিমূল্যে কাজটি পায়। ২০১৮ সালের ১৫ নভেম্বর কাজ শুরু করে ২০২০ সালের ১৬ মার্চের মধ্যে তা শেষ করার কথা থাকলেও সামান্য কাজ শেষ করেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি লাপাত্তা হয়ে যায়।

ভালুকা উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব জানান, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও নির্ধারিত কাজ সম্পন্ন না করায় ডলি কনস্ট্রাকশনের চুক্তিপত্র আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। সেই সঙ্গে দীর্ঘ সময় ধরে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। তিনি আরও জানান, জনদুর্ভোগ লাঘবে সড়কটি পুনর্নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে দ্রুত কাজ শুরু হবে।

এআইএল/সকালবেলা