বরিশালে যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শুরু

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ণ
বরিশালে যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শুরু

সাঈদ পান্থ (বরিশাল): বরিশাল বিভাগের যুবসমাজের অর্থনৈতিক অংশগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ‘EARN’ শীর্ষক নতুন একটি প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এবং শিক্ষা, কর্মসংস্থান কিংবা প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশালে এ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমতুল্লাহ ভুঁইয়া, সিনিয়র অ্যাডভাইজার জাফরুল্লাহ খান এবং যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের উপপরিচালক মো. মোস্তাক উদ্দীন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক দাতা সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-এর নেতৃত্বে বাস্তবায়িত EARN প্রকল্পের কার্যক্রম বরিশাল বিভাগের মোট ১০টি উপজেলায় পরিচালিত হবে। ৩০ মাস মেয়াদি এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৪২ হাজার যুবক-যুবতীকে কর্মসংস্থানমুখী সহায়তা দেওয়া, যার অন্তত ৬০ শতাংশ সুবিধাভোগী হবেন নারী।

প্রকল্পের আওতায় বাজারের বর্তমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন সহায়তা, চাকরির সুযোগ সৃষ্টি, ইন্টার্নশিপ, আর্থিক অনুদান ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ রাখা হয়েছে। এছাড়া প্রশিক্ষণকেন্দ্রে সুপেয় পানি, নারী ও পুরুষের জন্য পৃথক শৌচাগার, প্রতিবন্ধীবান্ধব প্রবেশব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পের কারিগরি সহযোগী হিসেবে কাজ করছে ‘সুইসকন্ট্যাক্ট’। পাশাপাশি বাস্তবায়ন সহযোগী হিসেবে যুক্ত রয়েছে আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশন প্রোগ্রাম (ইউসেপ) এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও শহরতলির সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীরা দক্ষ হয়ে ওঠার পাশাপাশি নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সক্ষম হবে।

এআইএল/সকালবেলা