কিশোরগঞ্জে পুলিশ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ, আইনি ব্যবস্থার নির্দেশ

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ, আইনি ব্যবস্থার নির্দেশ

নূর আহাম্মদ পলাশ (কিশোরগঞ্জ প্রতিনিধি): কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সদস্যের ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়া গেছে। মো. ওসমান গনি নামের ওই ড্রাইভার কনস্টেবলের ডোপ টেস্টের ফল পজিটিভ আসার পর তাঁর বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁর ডোপ টেস্ট করা হয়। ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম জানান, পরীক্ষার আনুষ্ঠানিক প্রতিবেদনটি ইতোমধ্যেই জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।

মো. ওসমান গনি ঢাকা জেলার ধামরাই থানার সাহাবেলীশ্বর গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশে ড্রাইভার কনস্টেবল হিসেবে কর্মরত।

এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। বাহিনীর সদস্যদের ক্ষেত্রেও এ নীতি সমানভাবে প্রয়োগ করা হচ্ছে। জেলা পুলিশে মাদকের কোনো ধরনের সম্পৃক্ততা না রাখার লক্ষ্যেই সন্দেহভাজন সদস্যদের নিয়মিত ডোপ টেস্ট করানো হচ্ছে।

পুলিশ সুপার আরও বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে ড্রাইভার কনস্টেবল মো. ওসমান গনির ডোপ টেস্ট করা হলে ফল পজিটিভ আসে। এ ঘটনায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদকবিরোধী অবস্থান বাস্তবায়নে বাহিনীর সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করা হবে।

এআইএল/সকালবেলা