জামালপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ণ
জামালপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ ইমরান মাহমুদ (জামালপুর প্রতিনিধি): জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে গতকাল সোমবার বিকেলে ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া খালেরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আব্দুর রশিদ ইসলামপুর উপজেলার পলবান্ধা উজানপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল গাওকুড়া খালেরপাড় এলাকার একটি দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় আব্দুর রশিদকে আটক করে তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি-১) মো. শাহীনুর ইসলাম তালুকদার জানান, এ ঘটনায় ইসলামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ী ও চোরাচালানের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং জেলার এই মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা