ঢাকার অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর
বিশেষ প্রতিবেদক: রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়নে অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ তদারকি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে নিষিদ্ধঘোষিত সংগঠনের তৎপরতা, মাদকের বিস্তার, জমি দখল এবং আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশ প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।
প্রতিমন্ত্রী বলেন, "বিগত স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের রায়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির সুসংহত উন্নয়নে রাজনীতিবিদ ও প্রশাসনের যৌথ ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।"
ঢাকার চারপাশের অপরাধপ্রবণ স্থান ও অস্থায়ী আবাসস্থলগুলোতে বাড়তি নজরদারির আহ্বান জানিয়ে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রুখতে সংশ্লিষ্টদের সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে। এ ছাড়া আসন্ন তিন মাসে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির শঙ্কার কথা উল্লেখ করে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এআইএল/সকালবেলা