পালিয়ে না থেকে সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিনিধি: ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে উদ্দেশ করে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হাসান বলেছেন, এ দেশে পাখির মতো গুলি করে মানুষ হত্যা ও মেগা প্রকল্পের নামে অর্থ লুণ্ঠনের হিসাব অবশ্যই বাংলার মাটিতে হবে; পালিয়ে না থেকে সাহস থাকলে আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, অপকর্মের কারণে পালিয়ে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে দেশে উসকানি দেওয়া হচ্ছে। কখনো সার, কখনো বিদ্যুৎ আবার কখনো অন্য ইস্যুতে কৃত্রিম সংঘাত বা মব কালচার তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। তবে দেশের সচেতন মানুষ এসব চক্রান্ত প্রতিহত করবে।
বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর অনির্বাচিত ও নৈশকালীন সরকার পরিচালনা করে জনগণের ওপর চরম নির্যাতন চালানো হয়েছে। ওয়ান-ইলেভেনের পর থেকে শত অত্যাচার, গুম ও নেত্রীকে কারারুদ্ধ রাখার পরও বিএনপির কর্মীরা রাজপথ ছেড়ে পালিয়ে যাননি।
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ সভায় যোগ দেন।
এআইএল/সকালবেলা