বসুন্ধরায় আটক ৫২ আ. লীগ নেতাকর্মী কারাগারে
সকালবেলা প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস্ট কেন্দ্র করে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় অভিযুক্ত অপর দুই কিশোরকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) ভাটারা থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হাফিজুর রহমানের আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
পুলিশ জানায়, গত ১৩ আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকার 'এম' ব্লকের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন যুবলীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।
মামলার বিবরণীতে জানা যায়, ১৫ আগস্ট উপলক্ষ্যে ওই ফ্ল্যাটে গোপন বৈঠক করে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি, সরকারি কাজে বাধা এবং দেশে আতঙ্ক সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছিল। অভিযানের সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্যানার ও দামী মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। জামিনে মুক্তি পেলে তারা গা ঢাকা দিতে পারে—এমন আশঙ্কায় তাঁদের কারাগারে রাখার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
এদিন আসামিদের পক্ষে আদালতে কোনো জামিন আবেদন করা হয়নি।
এআইএল/সকালবেলা
|