নোয়াখালীতে গৃহবধূ খুন, ছেলে আটক

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ণ
নোয়াখালীতে গৃহবধূ খুন, ছেলে আটক

বিশেষ প্রতিনিধি: নোয়াখালী পৌরসভা এলাকায় নিজ বসতঘর থেকে লাইলী বেগম (৫০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের মাদকাসক্ত ছেলেকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে জেলা সদরের ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার আলী আজম মুহুরী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লাইলী বেগম ওই এলাকার চৌকিদার আলমগীর হোসেনের স্ত্রী। তাঁর স্বামী পেশাগত কারণে বাইরে অবস্থান করায় তিনি বাড়িতে ছেলেকে নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরের কোনো একসময় দুর্বৃত্তরা বসতঘরে ঢুকে লাইলী বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা খবর দিলে সুধারাম থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনাটি নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে ওই গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে নিহতের ছেলে মাদকাসক্ত বলে জানা গেছে এবং সে কারণেই তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন