গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লগি–বৈঠার তাণ্ডব ও ব্যাপক সহিংসতা
শেখ সবুজ আহমেদ (ঢাকা): ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার তাণ্ডবের দীর্ঘ ২০ বছর পর, আজ রোববার (১৫ নভেম্বর) সকালে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আবারও লগি-বৈঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাণ্ডব ও ব্যাপক সহিংসতা চালানোর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সদর এলাকায় অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকদের তথ্যমতে, এ সময় বিক্ষোভকারীদের প্রত্যেকের হাতে লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দেখা যায়। সশস্ত্র মহড়া দেওয়ার সময় অনেকের মাথায় হেলমেট ছিল এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
স্থানীয় সাংবাদিকরা জানান, বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। দিনভর চলা এই সহিংস কর্মসূচির শুরুতেই তাঁরা জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে তালা খুলে ভেতরে প্রবেশ করেন। এরপর মিছিল নিয়ে শহরের লঞ্চঘাট এলাকায় নির্মিত 'জুলাই স্মৃতিস্তম্ভ' ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা।
একই সঙ্গে গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের মূল নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। পাশাপাশি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বরের’ নামফলকও ভেঙে ফেলেন তাঁরা। পরবর্তীতে শহরের পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ এবং প্রেসক্লাবের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিক্ষোভ চলাকালে পুলিশের সাঁজোয়া যানের (এপিসি) ওপর দাঁড়িয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তাঁরা পুলিশের এপিসির পেছনের লুকিং গ্লাস এবং একটি পুলিশ বক্সের কাচ ভাঙচুর করেন। পাশাপাশি এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন।
স্থানীয় একাধিক সূত্রের দাবি অনুযায়ী, পুরো এই কর্মকাণ্ডের নেতৃত্বে ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান। সকালে তাঁর বাসভবনে নেতাকর্মীদের জন্য খাবারের আয়োজন করা হয় এবং সেখান থেকে গাবতলা মোড় ও বিসিক ব্রিজ হয়ে সালাউদ্দিনের নেতৃত্বে একটি বড় মিছিল শহরে প্রবেশ করে। অন্যদিকে, ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে এবং শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে পৃথক দুটি মিছিল বের হয়। পরে মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে এসে একত্রিত হয়।
স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের পর্যবেক্ষণে জানা গেছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁদের তেমন কোনো সক্রিয় তৎপরতা চোখে পড়েনি। পুলিশের উপস্থিতির পাশ দিয়েই বিক্ষোভকারীরা সশস্ত্র মিছিল নিয়ে সড়ক অবরোধ করেন। এই সহিংসতা ও অবরোধের কারণে বিকেল পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
এআইএল/সকালবেলা