যুবদল নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনকে ‘মিথ্যা’ মামলায় আসামি করার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে গৃহবধূ মঞ্জুয়ারার আত্মহত্যার ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে সাজিয়ে যুবদল নেতা মলিনকে মামলার ১০ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তাঁরা।
বক্তারা আরও উল্লেখ করেন, ঘটনার দিন জেলা বিএনপির পূর্বনির্ধারিত একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন মলিন। তাই তাঁর বিরুদ্ধে করা মামলাটি অবিলম্বে প্রত্যাহার ও হয়রানি বন্ধের জোর দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এআইএল/সকালবেলা