সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন চালান
অনলাইন ডেস্ক: স্পট মার্কেট থেকে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) নতুন একটি চালান দেশে পৌঁছেছে। 'বিপি সিঙ্গাপুর' থেকে কেনা এই এলএনজিবাহী জাহাজ 'ওয়েন চেং' কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে ভিড়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা ৫৪ মিনিটে জাহাজের সঙ্গে টার্মিনালের সংযোগ স্থাপন করা হয় এবং পরবর্তীতে এলএনজি স্থানান্তরের কার্যক্রম শুরু হয়।
এর আগে সেপ্টেম্বর মাসেও যুক্তরাষ্ট্রের 'গানভোর', ইন্দোনেশিয়া থেকে 'টোটালএনার্জিজ' এবং অস্ট্রেলিয়া থেকে 'আরামকো সিঙ্গাপুর'-এর কাছ থেকে স্পট মার্কেটের মাধ্যমে একাধিক এলএনজির চালান সংগ্রহ করেছিল পেট্রোবাংলা।
পেট্রোবাংলার সূত্রানুসারে, আগামী অক্টোবর ও নভেম্বর মাসে দেশে মোট ১৯টি এলএনজি কার্গো আনা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে অক্টোবরে ১০টি এবং নভেম্বরে ৯টি চালান পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অ্যাঙ্গোলাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এগুলো কেনা হয়েছে।
১ অক্টোবরের হিসেব অনুযায়ী, দেশে দৈনিক মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬২৫ মিলিয়ন ঘনফুট, যার মধ্যে দেশীয় কূপগুলো থেকে ১ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুট এবং আমদানিকৃত এলএনজি থেকে ১ হাজার ১৫ মিলিয়ন ঘনফুট যুক্ত হয়েছে।
এআইএল/সকালবেলা