মালয়েশিয়ায় স্ট্রোক করে কটিয়াদীর প্রবাসীর মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ণ
মালয়েশিয়ায় স্ট্রোক করে কটিয়াদীর প্রবাসীর মৃত্যু

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রবাসে থাকা কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা গ্রামের মো. মিজানুর রহমান মালয়েশিয়ায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে স্বজনরা তাঁর মৃত্যুর সংবাদ পান।

নিহত মিজানুর রহমান পরিবারের জ্যেষ্ঠ সন্তান ছিলেন। শিশুকালে মাতৃহীন হওয়ার পর দুই ভাই ও দুই বোনের দায়দায়িত্ব কাঁধে নিয়ে ১৫ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে ‘L@L Metal Stainless Steel’ নামক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বিয়ের পর তাঁর ঘর আলো করে আসে এক কন্যাসন্তান, যার বর্তমান বয়স মাত্র ১৮ মাস। কন্যাসন্তানের মুখ সরাসরি দেখার সুযোগ আর মিলল না তাঁর।

মৃত্যুর খবরে পরিবার ও পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মিজানুর রহমানের লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছেন তাঁর স্বজনরা।

পরিবারের সদস্যরা জানান, প্রবাসে অর্জিত আয়ে কোনোমতে সংসার চললেও লাশ দেশে ফিরিয়ে আনার বিপুল ব্যয়ভার বহন করার আর্থিক সামর্থ্য তাঁদের নেই। তাই সরকারি সহায়তায় দ্রুত লাশ আনার ব্যবস্থা করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন