গলায় খাবার আটকে কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
গলায় খাবার আটকে কারাগারে হাজতির মৃত্যু

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলা কারাগারে খাবার খাওয়ার সময় গলায় আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। পরে তাঁকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত চাঁন মিয়া ফকির বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তিনি মোরেলগঞ্জ থানার একটি মামলায় বাগেরহাট জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন।

কারাগার সূত্রে জানা যায়, সকালে খাবার খাওয়ার সময় চাঁন মিয়ার খাদ্যনালীতে খাবার আটকে যায়। এ সময় কারারক্ষীরা তাঁকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার জানান, কারাগার থেকে অসুস্থ অবস্থায় এক হাজতিকে আনা হয়েছিল। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন এবং নিয়ম অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মোঃ মোস্তফা কামাল বলেন, খাবার গলায় আটকে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা দ্রুত তাঁকে হাসপাতালে নেন। সেখানে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন