জটিলতা কাটিয়ে আজ আসছে রূপপুরের ইউরেনিয়াম
বিশেষ প্রতিনিধি: দীর্ঘ প্রতিক্ষা ও পরিবহনসংক্রান্ত জটিলতা কাটিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের অতিরিক্ত পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) আজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। রাশিয়া থেকে কার্গো বিমানে করে ইউরেনিয়ামের চালানটি ঢাকায় পৌঁছানোর পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে প্রকল্প এলাকায় নিয়ে যাওয়া হবে।
রাশিয়া থেকে সরবরাহকৃত পূর্বসূচি অনুযায়ী ইউরেনিয়াম বৃহস্পতিবার পৌঁছানোর কথা থাকলেও শেষ মুহূর্তে পরিবহনসূচিতে পরিবর্তন ঘটে। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতিজনিত জটিলতার কারণে পূর্বে ২৪ সেপ্টেম্বর থেকে কয়েক দফায় ইউরেনিয়াম পরিবহনের সময় পিছিয়ে যায়। বিকল্প হিসেবে চীন হয়ে নির্ধারিত রুটে জ্বালানি আনার প্রস্তুতিও রাখা হয়েছে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাছান নিশ্চিত করেছেন, জ্বালানি নিরাপদে গ্রহণের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পর্যন্ত সমস্ত নিরাপত্তা প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার নির্দিষ্ট সময় পর ইউরেনিয়াম অ্যাসেম্বলি পরিবর্তনের প্রয়োজন হয়। সেই ধারাবাহিকতায় রূপপুরের প্রথম ইউনিটের জন্য এই চালানে প্রয়োজনীয় অতিরিক্ত জ্বালানি আনা হচ্ছে।
একই সঙ্গে প্রথম ইউনিটের অটোমেটিক প্রেশার রিলিফ ভালভের প্রথম ধাপের চাপ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, চূড়ান্ত ধাপের পরীক্ষা সম্পন্ন হলে বিদ্যুৎ উৎপাদনের পথ সম্পূর্ণ কারিগরি জটিলতামুক্ত হবে।
এআইএল/সকালবেলা