স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

প্রকাশ: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি
আর্জেন্টিনা কিংবদন্তি লিওনেল মেসি

ইন্টার মায়ামির মহাতারকা ও আর্জেন্টিনা কিংবদন্তি লিওনেল মেসি তার ফুটবল সাম্রাজ্যের আরও বিস্তার ঘটিয়েছেন। স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব ‘সিডি এলদেন্স’-এর মালিকানা আনুষ্ঠানিকভাবে কিনে নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে স্পেনে প্রথমবারের মতো কোনো পেশাদার ফুটবল ক্লাবের মালিক হলেন এই বিশ্বতারকা।

ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘গোলডকটম’ জানিয়েছে, বৃহস্পতিবার স্প্যানিশ ক্লাব এলদেন্স কতৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মালিকানা পরিবর্তনের এই বিষয়টি নিশ্চিত করেছে। ৩৯ বছর বয়সী মেসির ব্যবসায়িক ক্যারিয়ারে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

অ্যালিকান্তেভিত্তিক ক্লাবটির আগের মালিক ছিল কলম্বিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘গ্রুপো টিএইচ’ (Grupo TH), যাদের কলম্বিয়া ও সুইজারল্যান্ডের ফুডবল ক্লাবেও শেয়ার রয়েছে। উল্লেখ্য, গত এক বছরের মধ্যে এলদেন্স ক্লাবের এটি তৃতীয় মালিকানা বদলের ঘটনা।

তবে বর্তমান চুক্তিটি সম্পূর্ণ চূড়ান্ত হতে স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (সিএসডি) আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সিএসডি-র পক্ষ থেকে চূড়ান্ত ছাড়পত্র মিললেই স্প্যানিশ দ্বিতীয় বিভাগের এই ক্লাবটির জন্য একটি উচ্চাভিলাষী ও নতুন যুগের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চুক্তিটি নিশ্চিত করে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিজেদের নতুন হাই-প্রোফাইল মালিককে নিয়ে দারুণ আশাবাদ ব্যক্ত করেছে এলদেন্স। ক্লাবের ভবিষ্যৎ উন্নয়নে এই আর্জেন্টাইন কিংবদন্তির যুগান্তকারী প্রভাবের বিষয়টি তুলে ধরে বিবৃতিতে বলা হয়েছে, “সিডি এলদেন্সের মালিক হিসেবে স্প্যানিশ পেশাদার ফুটবলে ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের আগমন একটি দীর্ঘমেয়াদি প্রকল্পের সূচনা নির্দেশ করে। এর লক্ষ্য ক্লাবের ক্রীড়া, প্রাতিষ্ঠানিক এবং সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করা।”

উল্লেখ্য, ১৯২১ সালে প্রতিষ্ঠিত সিডি এলদেন্স তাদের ইতিহাসের বেশির ভাগ সময়ই স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুই বিভাগের বাইরে কাটিয়েছে। স্পেনের এলদা শহরে অবস্থিত ৫ হাজার ৭৭৬ দর্শক ধারণক্ষমতার ছোট স্টেডিয়াম ‘এস্তাদিও নুয়েভো পেপিকো আমাত’-এ নিজেদের হোম ম্যাচগুলো খেলে থাকে দলটি। ক্লাবটি ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে উন্নীত হয়। এরপর ২০২৫ সালে অবনমনের শিকার হলেও গত গ্রীষ্মেই তারা আবার দ্বিতীয় বিভাগে ফিরে আসে।

এর আগে স্পেনের বাইরে নিজের বন্ধু ও ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব ‘দেপোর্তিভো এলএসএম’ (Deportivo LSM)-এর আংশিক মালিকানাতেও যুক্ত ছিলেন লিওনেল মেসি।