সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
সকালবেলা প্রতিবেদক: রাজধানীর গুলশানে অনুমোদিত তালিকার বাইরে অতিরিক্ত গুদামে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করেছে গোয়েন্দা সংস্থা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৪টা পর্যন্ত গুলশান-১ এর 'মেসার্স টস বন্ড প্রাইভেট লিমিটেড' নামক ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউসে এ যৌথ অভিযান চালানো হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি) যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করে।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির এনবিআর অনুমোদিত গুদাম দুটি থাকলেও বাস্তবে চারটি ফ্লোরে শুল্কমুক্ত পণ্য ও মদ মজুত রাখা হচ্ছিল। অনুমোদনহীন ফ্লোরে এসব পণ্য স্থানান্তর করা হয়েছে কি না তা যাচাই করা হচ্ছে। এ ছাড়া রেজিস্টার ও সফটওয়্যারের তথ্যের সঙ্গে সরেজমিনে মদের মজুতে ব্যাপক অসঙ্গতি ধরা পড়ে। সফটওয়্যারে উধাও দেখানো মদ গুদামে পাওয়া গেলেও, আমদানিকৃত ২ হাজার ২৫০ কার্টন বিয়ারের কোনো হদিস মেলেনি।
অভিযোগ রয়েছে, কেবল কূটনীতিক ও নির্দিষ্ট সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য আমদানিকৃত এই শুল্কমুক্ত মদ খোলাবাজারে বেআইনিভাবে বিক্রি করা হতো। প্রতিষ্ঠানটির মালিক শেখ নুর ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে কানাডায় সন্দেহজনক লেনদেন ও বেনামী একাধিক প্রতিষ্ঠানের মালিকানার তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের পণ্য অপসারণ বন্ধে চারটি ওয়্যারহাউসই সিলগালা থাকবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এআইএল/সকালবেলা