কালীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ
কালীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ

মানজুরুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।

আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) তাঁর পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই একাধিক মামলায় অভিযুক্ত হয়ে পলাতক রয়েছেন মিজানুর রহমান মিজু। জানা গেছে, রংপুরে একটি হত্যা মামলা এবং কালীগঞ্জ উপজেলায় নাশকতা ও হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

স্থানীয়দের মতে, হাইকোর্টের এক আদেশে তাঁর ইউপি চেয়ারম্যান পদ বহাল থাকার পর এই পদত্যাগপত্র জমা দেওয়া নিছক আকস্মিক ঘটনা নয়; বরং আইনি জটিলতা এড়ানো ও রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

পলাতক থাকায় এ বিষয়ে মিজানুর রহমান মিজুর কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারাও এ নিয়ে কোনো মন্তব্য করতে অনীহা প্রকাশ করেছেন। এছাড়া তাঁর পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন