ডিসেম্বরে আপার দেশে আসার সুযোগ নেই, এলেই ফাঁসির মঞ্চ: নাহিদ ইসলাম
আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসার কোনো সুযোগ নেই এবং কেউ যদি আসার দুঃসাহস দেখায়, তবে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
গতকাল শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-র বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ‘জাতীয় ছাত্রশক্তি’ কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ সেশনের নবীনবরণ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে জোরালো ভাষায় নাহিদ ইসলাম বলেন, "বাংলাদেশের ছাত্র-জনতা এখনো ঘুমিয়ে পড়েনি, দেশের বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে নেই—আপনাদেরকে সেই শক্তির প্রমাণ দিতে হবে।" এ সময় শুধু ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে সীমাবদ্ধ না থেকে পুরো দেশ এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে চিন্তা করার তাগিদ দিয়ে তিনি বলেন, "এটির নামই হলো প্রকৃত বিশ্ববিদ্যালয়।"
ঐতিহাসিক ৭ নভেম্বর ও জুলাই গণ-অভ্যুত্থানের তুলনামূলক আলোচনা করতে গিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, "আমরা ৭ নভেম্বরকে ধারণ করি। ৭ নভেম্বর একটি বিপ্লব, কিন্তু জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়? বর্তমান সরকার নিজেদের অনুকূলে যা যায়, কেবল সেটিকে বিপ্লব বলে; আর যা তাদের পক্ষে যায় না কিংবা যেটিতে তাদের প্রত্যক্ষ নেতৃত্ব ছিল না, সেটিকে তারা বিপ্লব না বলে কেবল আন্দোলন বা গণ-অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করতে চায়।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী প্রমুখ।