দেবিদ্বারে এনসিপির কমিটি গঠন: মাসুদ আহ্বায়ক, শামীম সচিব
সাইফুল ইসলাম ফাহাদ (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া): কুমিল্লার দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা কমিটি এই নতুন কমিটির অনুমোদন দিয়েছে।
গতকাল ১৮ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা উত্তর জেলা এনসিপির আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া সরকার ও সদস্য সচিব মো. মফিজুল আমিন চৌধুরীর যৌথ স্বাক্ষরে আগামী ৬ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মুস্তাফিজুর রহমান মাসুদকে আহ্বায়ক এবং সাইফুল ইসলাম শামীমকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া জাহাঙ্গীর আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আহমেদ শুভকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, শামীম কাউছারকে মুখ্য সংগঠক ও পারভেজ আহম্মেদকে সহ-সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আব্দুল মবিন খান (সুমন), মাহবুব আলম ভূঁইয়া, মো. আব্দুল আউয়াল খান (বাদল)সহ ১২ জন এবং যুগ্ম সদস্য সচিব পদে জয়নাল হোসেন সরকার, মাহবুব আলম ও জনি সাহাসহ আরও বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ২৪ জনকে সংগঠক এবং ২৫ জনকে সাধারণ সদস্য পদে মনোনীত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদনের পর থেকেই কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। নতুন এই নেতৃত্বের মাধ্যমে দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলীয় নেতৃবৃন্দ।
এআইএল/সকালবেলা