আঁতাতের ইতিহাস জামায়াতের, বিএনপির নয়: রিজভী
অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতার স্বার্থে সাবেক স্বৈরাচার এরশাদ ও শেখ হাসিনার প্রদর্শিত পথেই হেঁটেছে জামায়াত। ইতিহাস পর্যবেক্ষণ করলে স্পষ্ট দেখা যায়, তাঁদের সঙ্গে সমঝোতা ও আঁতাতের অতীত ইতিহাস জামায়াতেরই, বিএনপির নয়।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন।
জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক এক বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, জামায়াতের আমির দাবি করেছেন বিএনপি নাকি ফ্যাসিবাদের পথে হাঁটছে। অথচ ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর জামায়াত নেতারা আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলেছেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা দিয়েছেন। বিএনপি বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনোই এমন আপসমুখী অবস্থান গ্রহণ করেননি।
জামায়াতের অতীত রাজনৈতিক ভূমিকার পুনরুল্লেখ করে রিজভী বলেন, কথা দিয়ে তা রক্ষা করার রাজনৈতিক ঐতিহ্য একমাত্র বিএনপিরই রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়ে অনড় ছিলেন। অথচ ৮৬-র নির্বাচন কিংবা ৯৪-৯৫ সালের তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন—প্রতিটি ক্ষেত্রে জামায়াত আওয়ামী লীগের সমান্তরাল পথে হেঁটে ক্ষমতা ও রাজনীতির হিসাব মিলিয়েছে।
রিজভী আরও বলেন, হাজারো নেতাকর্মীর ত্যাগ, গুম, খুন ও আত্মদানের বিনিময়ে রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রধান প্রতিরোধ গড়ে তুলেছে বিএনপি। গণতন্ত্রই বিএনপির মূল লক্ষ্য ও আদর্শ। কিন্তু জামায়াতের নির্দিষ্ট কোনো নীতি-আদর্শ না থাকার কারণেই দেশের সাধারণ মানুষ এখনো তাদের সংশয়ের চোখে দেখে।
স্মৃতিচারণ পর্বে প্রয়াত নেতা আফসার আহমদ সিদ্দিকীর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ তিন দশক ন্যাপের মাধ্যমে প্রগতিশীল রাজনীতিতে ভূমিকা রেখেছেন আফসার সিদ্দিকী। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী হয়েও অর্থ-সম্পদের মোহ ত্যাগ করে তিনি আজীবন রাজনীতির ময়দানে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে গেছেন।
আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব জামিল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় স্মরণসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
এআইএল/সকালবেলা