মদনে সাংবাদিক আলিফের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ণ
মদনে সাংবাদিক আলিফের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মো. সাকের খান (মদন, নেত্রকোনা প্রতিনিধি): নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে মদন উপজেলায় কর্মরত রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকেরা।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ক্লাব প্রাঙ্গণে মদন-কেন্দুয়া সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক দিনকাল প্রতিনিধি মো. সাকের খানের সঞ্চালনায় এবং মানবজমিন প্রতিনিধি ও ক্লাবের সভাপতি নূরুল হক রনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি ফয়েজ আহমেদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি নিজাম উদ্দিন আহমেদ, খোলা কাগজ প্রতিনিধি আলী আজগর পনির, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নূর মুহাম্মদ জরিপ এবং দৈনিক সংগ্রাম প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে সভাপতি নূরুল হক রনু বলেন, "আমরা জানতে পেরেছি নিহত সাংবাদিক আগেই পুলিশ প্রশাসনকে নিজের জীবনের ঝুঁকির কথা অবগত করেছিলেন। কিন্তু পুলিশ প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। গতকাল অপূর্ব নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল আসামিকে গ্রেপ্তার ও ১৫ দিনের মধ্যে বিচারকার্য নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে।"

এআইএল/সকালবেলা