ডবলমুরিংয়ে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার
মোহাম্মদ সোহেল রানা (ব্যুরো চিফ, চট্টগ্রাম): চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে গত ২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া একটি ‘টরাস’ (TAURUS) পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।
১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ (রবিবার) ভোর রাতে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষা ভবনে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আরিফ ফয়সলের সার্বিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। আভিযানিক দলে নেতৃত্ব দেন আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবিনুল ইসলাম।
অভিযান দলে আরও যুক্ত ছিলেন—এসআই মহসিন উদ্দীন রুবেল, এএসআই কাজী সাইফুল ইসলাম, এএসআই হিরু মিয়া, এএসআই মো. আব্দুল আল মামুন, এএসআই আব্দুল হাই বাবলু এবং এএসআই মো. কামাল হোসেন-১।
গোপন সংবাদের ভিত্তিতে ১৮ অক্টোবর রাত ৩টা ৩০ মিনিটে উক্ত আভিযানিক টিম আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায়। এ সময় ভবনটির দ্বিতীয় তলায় তল্লাশি চালিয়ে একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দে ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া ম্যাগাজিনযুক্ত ১টি ‘টরাস’ পিস্তল, ২টি অতিরিক্ত খালি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এআইএল/সকালবেলা