কালিয়াকৈরে ভেকু দিয়ে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট
ফজলে রাব্বি (কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ডাকুরাইল এলাকায় ভেকু দিয়ে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী মোস্তফা হোসেন বাদী হয়ে দেলোয়ার হোসেন গংয়ের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিয়ামদ্দিন সরকারের ছেলে মোস্তফার সাথে দেলোয়ার হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার দুপুরে দেলোয়ার হোসেন তাঁর বাহিনী নিয়ে ভেকু দিয়ে মোস্তফার দুইটি হাফ-বিল্ডিং বসতবাড়ি, একটি টিনসেট গোয়ালঘর, একটি ছাগলের ঘর, রান্নাঘর এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রায় ১০০ মণ ধান-চাল ভাঙচুর করে মাটিতে মিশিয়ে দেয়। এতে আনুমানিক ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী মোস্তফা জানান, "আমরা প্রায় ৩০ বছর ধরে মায়ের ওয়ারিশ ও ক্রয় সূত্রে এই জমিতে বসবাস করে আসছি। দেলোয়ার একটি ভুয়া দলিল বানিয়ে আমাদের ওপর অত্যাচার চালাচ্ছে এবং মামলা দায়ের করেছে। শনিবার সে ভেকু দিয়ে আমাদের ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আমি সরকারের কাছে এর সুষ্ঠু বিচার চাই।"
তবে অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন জানান, তিনি কারো বসতবাড়ি ভাঙচুর করেননি; উল্টো তাঁর ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বসতবাড়ি ভাঙচুরের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এআইএল/সকালবেলা