ছাত্রদল নেতার সহায়তায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন জবি শিক্ষার্থী নীল

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ণ
ছাত্রদল নেতার সহায়তায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন জবি শিক্ষার্থী নীল

মাহমুদ হাসান পিয়াল: ডেঙ্গুতে আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী দেবপ্রিয় অধিকারী নীল সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। 

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছাড়পত্র পান তিনি।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে নীলকে হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসা, প্লাটিলেট ব্যবস্থাপনাসহ দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়ে পরিবার।

এ অবস্থায় নীলের পাশে দাঁড়ান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২ নং যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি। হাসপাতালে ভর্তির পর থেকেই তিনি নিয়মিত নীলের শারীরিক অবস্থার খোঁজখবর রাখেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেন।

রুমির উদ্যোগে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর নীলের চিকিৎসা ব্যয়ে দেড় লাখ টাকারও বেশি ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ছাত্রদল নেতার এ সহযোগিতায় চিকিৎসার ব্যয়ভার বহনে আর্থিক সংকটে থাকা নীলের পরিবারের জন্য স্বস্তি তৈরি হয়েছে।

রোববার নীলের হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “আলহামদুলিল্লাহ, নীল আজ সুস্থ হয়ে রিলিজ নিয়ে বাড়িতে ফিরছে। আমরা সর্বোচ্চটা দিয়ে নীলের পাশে থাকার চেষ্টা করেছি।”

দুঃসময়ে অসুস্থ শিক্ষার্থীর পাশে দাঁড়ানো এবং চিকিৎসার ব্যয় কমাতে সহযোগিতার এই উদ্যোগকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। 

এআইএল/সকালবেলা