শিবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ণ
শিবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে শিবপুর উপজেলা ও পৌর তাঁতীদলের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বর্ণাঢ্য এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুর এলাহী বলেন, দেশের অর্থনীতি ও পোশাক শিল্পে তাঁতীদের ভূমিকা অনস্বীকার্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠনটি দীর্ঘ সময় ধরে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় রয়েছে। তিনি আগামী দিনের রাজনৈতিক লড়াই-সংগ্রামে তাঁতীদলকে অগ্রণী ভূমিকা পালন করার এবং জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শিবপুর উপজেলা তাঁতীদলের সভাপতি জনাব আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল হারিস রিকাবদার কালা মিয়া এবং সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার। বক্তারা তাঁতীদলের দীর্ঘ ইতিহাস ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলের অবদানের কথা গুরুত্বের সাথে স্মরণ করেন।

উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক জনাব শরিফ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ তাঁতীদলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দলের সমৃদ্ধি ও দেশের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন