ময়মনসিংহে ছিনতাইকারীর কবলে আনন্দ মোহন কলেজ শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ণ
ময়মনসিংহে ছিনতাইকারীর কবলে আনন্দ মোহন কলেজ শিক্ষার্থী নিখোঁজ

মো. হুমায়ুন কবীর, ময়মনসিংহ: ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপারে ঘুরতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়ে নিখোঁজ হয়েছেন আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী শাওন শৈকত। নিখোঁজ শাওন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের বাসিন্দা। এই ঘটনার প্রতিবাদে এবং শাওনকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে আনন্দ মোহন কলেজের সামনে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থী ও তাঁর পরিবারের সদস্যরা।

জানা গেছে, গতকাল বুধবার বিকেলে শাওন ও তাঁর বন্ধু রিয়াদ ব্রহ্মপুত্র নদের ওপারে ঘুরতে যান। সেখানে তাঁরা একদল ছিনতাইকারীর হামলার শিকার হন। হামলার একপর্যায়ে রিয়াদ কোনোমতে প্রাণে বেঁচে ফিরলেও শাওন নিখোঁজ হন। স্থানীয়রা ধাওয়া করে এক ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

আজকের মানববন্ধনে নিখোঁজ শাওনের মা শাহিদা বেগম কান্নায় ভেঙে পড়েন। ছেলের ছবি হাতে তিনি আহাজারি করে বলেন, "আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিন। যে কোনো মূল্যে আমি আমার সন্তানকে সুস্থ অবস্থায় ফেরত চাই।"

মানববন্ধনে সংহতি প্রকাশ করে আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানজিল খান বলেন, "আমরা আমাদের সহপাঠীকে দ্রুত ও অক্ষত অবস্থায় ফেরত চাই। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সকল ছিনতাইকারীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।" অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল সাকিব জানান, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে গতকাল থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ নদের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে। আটক ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন