ফেনীতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ণ
ফেনীতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ফেনী: ফেনীতে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি আবদু রহিম প্রকাশ সজিবকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-৭। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর রাতে ফেনীস্থ র‍্যাবের একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আবদু রহিম সজিব ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর চাড়িপুর গ্রামের আবদুল হাইয়ের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, আবদু রহিম সিআর- ১৮৫/১২ মামলায় ফেনীর একটি আদালত কর্তৃক ১৪ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। একই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছিল। সাজা ঘোষণার পর থেকেই তিনি আইনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাবের একটি টিম অভিযান চালিয়ে এই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ.আর/সকালবেলা

মন্তব্য করুন