সুন্দরগঞ্জে এমপির ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ
হাবিবুল্লাহ্ সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি অধ্যাপক মো. মাজেদুর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলার ১১৬ জন অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষের চিকিৎসাসহ বিভিন্ন সহায়তার জন্য এই অর্থ দেওয়া হয়।
আজ বুধবার (১ জুলাই) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এই চেক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে অর্থ তুলে দেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মো. মাজেদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, এমপির ব্যক্তিগত সহকারী সরকার হাশেমুজ্জামান, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি এস এম সাজ্জাদ হোসেন আমুশ, দহবন্দ ইউনিয়ন জামায়াতের আমির মো. ওসমান গনি, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান বলেন, "উন্নয়নের সুফল তখনই অর্থবহ হবে, যখন সমাজের অসহায়, দুর্দশাগ্রস্ত ও অসুস্থ মানুষেরাও এর অংশীদার হবেন। মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করছি যাতে আমার নির্বাচনী এলাকার কোনো ব্যক্তি অর্থাভাবে চিকিৎসা বা মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন।" তিনি সমাজের বৃত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
এআইএল/সকালবেলা
|