ছাতকে উলামা পরিষদের মানববন্ধন: ইসকন নিষিদ্ধের দাবি

প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ণ
ছাতকে উলামা পরিষদের মানববন্ধন: ইসকন নিষিদ্ধের দাবি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ধর্মীয় উপাসনালয়ে হামলা-উচ্ছেদ বন্ধ, সীমান্তে নিরপরাধ বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ এবং বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জের ছাতকে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদ।

আজ বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় উপজেলার ব্যস্ততম জাউয়া বাজারে আয়োজিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-উলামা, সর্বস্তরের মুসল্লি ও স্থানীয় সচেতন সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুফতি আব্দুস সোবহান।

হাফেজ মাওলানা সাইদ আহমেদের সঞ্চালনায় এবং মাওলানা কাওছার আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা ফজলুর রহমান, মাওলানা আখতার হোসাইন, মাওলানা আব্দুল কাদির, মাওলানা জামিলুর রহমান, মাওলানা আলী আহমদ ও মাওলানা আরিফুল হক ইদ্রিসসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, "পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতিনিয়ত মুসলিমদের ওপর নির্যাতন, হত্যা ও পদ্ধতিগত নিপীড়ন চালানো হচ্ছে। অবিলম্বে সেখানে মুসলিমদের জানমালের নিরাপত্তা দিতে হবে এবং মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙচুর ও উচ্ছেদ বন্ধ করতে হবে।" এছাড়া ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা বন্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান তাঁরা।

সমাবেশ থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশে এর যাবতীয় কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করার দাবি উত্থাপন করা হয়। বক্তারা অভিযোগ করেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে এবং বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে এই সংগঠনটি।

এ ছাড়া মানববন্ধন থেকে মাওলানা হাফিজ নাঈমের বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় বাতিল এবং দেশের আলেম-উলামাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মোস্তাফা কামাল চৌধুরী, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা আবুল খায়ের, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন, মাস্টার আব্দুল জলিলসহ উলামা ঐক্য পরিষদের সর্বস্তরের নেতাকর্মী ও স্থানীয় তাওহিদী জনতা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন