রাজশাহীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ণ
রাজশাহীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মো. মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহী মহানগরীতে র‍্যাবের এক যৌথ অভিযানে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামরুজ্জামান বাবু নিউটনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। 

আজ বুধবার (১ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটে মহানগরীর রাজপাড়া থানাধীন প্যারা মেডিকেল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নিউটন নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুল কালাম আজাদ মাস্টারের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে র‍্যাব-৫-এর নাটোর ক্যাম্প (সিপিসি-২) এবং রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস আভিধানিক দল রাজপাড়া থানার প্যারা মেডিকেল এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত কামরুজ্জামান বাবু নিউটনের বিরুদ্ধে নাটোরের বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারায় একটি মামলা (জিআর নং-৩১২/১৯) চলমান ছিল। ওই মামলায় আদালত তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।

আজ গ্রেপ্তারের পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামরুজ্জামান বাবু নিউটনকে আইনি প্রক্রিয়া শেষে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন