ক্রুড তেলের সংকটে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ণ
ক্রুড তেলের সংকটে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ

সারাদেশ ডেস্ক: ক্রুড তেলের সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পরিশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সবশেষ গত রোববার (১২ এপ্রিল) বিকালে তেল পরিশোধন কার্যক্রম পরিচালিত হয়। এরপর মজুদ ক্রুড তেল শেষ হয়ে যাওয়ায় উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। 

ইআরএল সূত্র জানায়, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাবে গত প্রায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি ব্যাহত হচ্ছে। সংকট মোকাবিলায় মার্চ মাস থেকেই পরিশোধনের পরিমাণ কমিয়ে আনা হয়। 

যেখানে দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করা হতো, সেখানে তা কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। তবে শেষ পর্যন্ত মজুদ শেষ হওয়ায় সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। 

ফলে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে আশ্বস্ত করা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, নতুন ক্রুড তেলের চালান মে মাসে দেশে পৌঁছালে পুনরায় পরিশোধন কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন