ভাঙ্গায় প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের অপসারণ দাবিতে বিক্ষোভ ও আল্টিমেটাম
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: সরকারি নির্দেশনা অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন না করা, ধর্মীয় বিষয়ে আপত্তিকর মন্তব্য এবং নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা কাজী শামসুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বাদ জুমা ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের তৌহিদী জনতা ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিতর্কিত প্রধান শিক্ষককে অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আল্টিমেটাম দেওয়া হয়েছে।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে চরম অনীহা দেখিয়েছেন। শুধু তাই নয়, এ প্রসঙ্গে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো আপত্তিকর মন্তব্যও করেছেন। এছাড়া ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নেও তিনি গড়িমসি করেছেন বলে অভিযোগ তোলা হয়।
প্রতিবাদ সভায় আরও তুলে ধরা হয় যে, প্রধান শিক্ষক বিদ্যালয়ে একটি দুর্নীতির সিন্ডিকেট গড়ে তুলে অর্থ আত্মসাৎসহ নানা প্রশাসনিক ও আর্থিক অনিয়ম চালিয়ে আসছেন, যার প্রেক্ষিতে ইতিপূর্বে তদন্তের প্রক্রিয়াও শুরু হয়েছিল। পাশাপাশি সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সাংবাদিকদের সাথে নিয়মিত অপেশাদার ও অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগও দীর্ঘদিনের। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এতদিন এসব অপকর্ম ধামাচাপা দিয়ে আসছিলেন বলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক অভিভাবক সদস্য মিঞা মোহাম্মদ আলমগীর, বিশিষ্ট সমাজসেবক হেমায়েত হোসেন, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য এনায়েত মুন্সী এবং ছাত্রনেতা আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অবিলম্বে অরুণ চন্দ্র দত্তকে পদ থেকে অপসারণ করে প্রতিষ্ঠানটিতে একজন সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য শিক্ষককে প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার জোর দাবি জানান। অন্যথায় নির্ধারিত তিন দিনের আল্টিমেটাম শেষে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
|