পাঁচবিবিতে লুঙ্গিতে লুকিয়ে পাচারের সময় ২০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জুয়েল (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগজানা ব্রিজ সংলগ্ন রতনপুর বাজারগামী সড়ক থেকে তাঁকে আটক করা হয়।
আটক জুয়েল পাঁচবিবি উপজেলার রতনপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে মাদকের চালান পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে পাঁচবিবি থানা-পুলিশের একটি চৌকস দল বাগজানা ব্রিজ অতিক্রম করে রতনপুর বাজার যাওয়ার রাস্তায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় আশরাফুলের বাড়ির সামনে পাকা সড়কে সন্দেহজনকভাবে চলাচলের সময় জুয়েলকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি চালানো হলে অভিনব কায়দায় তাঁর পরনের লুঙ্গির ভেতর বিশেষ কৌশলে গুঁজে রাখা ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক জুয়েল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। উদ্ধারকৃত আলামতসহ তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পাঁচবিবি উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।