কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস অনুষ্ঠিত
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল ও বর্ণাঢ্য জশনে জুলুস (আনন্দ মিছিল), সমাবেশ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) বেলা ১১টার দিকে ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন পরিষদ ও জেলা সুন্নী সাইবার টিমের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিমরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সকালে শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে আনন্দ মিছিলটি বের হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং সুন্নী আকাইদের পতাকা হাতে নিয়ে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র বেলাদত শরীফকে স্বাগত জানিয়ে স্লোগানে স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে কলেজ মাঠ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ, মিলাদ শরীফ পাঠ, বিশেষ মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।
সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, তরফিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীর ও জশনে জুলুস উদযাপন পরিষদের আহ্বায়ক সৈয়দ ইয়াছিন, আটরশি দরবার শরীফের জেলার কর্মী প্রধান আনিসুর রহমান, পাটধা দরবারের গদিনশীন পীর শফিকুল ইসলাম এবং ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন পরিষদের সদস্য সচিব তানভীর আহমেদ আলামিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ, নীতি ও শিক্ষাই পারে সমাজ থেকে অন্যায়, অবিচার ও কলুষতা দূর করতে। তাঁরা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবীর (সা.) সুন্নাহ পুরোপুরি অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, অগ্রগতি এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।