রংপুরে ৪ খুনের আসামীর পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা রংপুর আইনজীবী সমিতির

প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ণ
রংপুরে ৪ খুনের আসামীর পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা রংপুর আইনজীবী সমিতির
রংপুর আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন

আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত আসামিদের পক্ষে আদালতে কোনো ধরনের আইনি লড়াই না করার দৃঢ় ঘোষণা দিয়েছে রংপুর জেলা আইনজীবী সমিতি।

আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির পক্ষে এ আনুষ্ঠানিক ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, “রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনাটি সাম্প্রতিক সময়ের অন্যতম নিকৃষ্টতম ও বর্বরোচিত অপরাধ। আমরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ইতিমধ্যে আমরা কয়েকজন সরকারি কৌঁসুলি ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছি। আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি; তাঁদের সব ধরনের আইনি সহায়তা আমাদের পক্ষ থেকে প্রদান করা হবে।”

মামলার অগ্রগতি তুলে ধরে তিনি আরও বলেন, “শিক্ষক গণপতি চক্রবর্তীসহ চারজনের লাশ উদ্ধারের পর পুলিশের দ্রুত পদক্ষেপে দুই আসামিকে আটক করা সম্ভব হয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণালংকারও উদ্ধার হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজনই বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ ও গণমাধ্যমকর্মীদের তৎপরতায় মামলার তদন্ত সঠিক পথেই এগোচ্ছে বলে আমরা মনে করি।”

হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচারের বিষয়ে সতর্ক করে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেন, “এই মর্মান্তিক ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা বিভ্রান্তিকর গল্প ও গুজব ছড়াচ্ছেন। কেউ আবার একে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টাও করছেন। আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের স্পষ্ট বার্তা—এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কেউ নোংরা রাজনীতি করবেন না এবং গুজব ছড়াবেন না।”

তিনি জানান, সমিতির সদস্যদের সাথে বিশদ আলোচনা সাপেক্ষে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবারের চার সদস্যকে হত্যার সঙ্গে যুক্ত আসামিদের পক্ষে সমিতির কোনো সদস্য আদালতে আইনি লড়াইয়ে অংশ নেবেন না। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বশক্তি নিয়োগ করবেন আইনজীবীরা। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর আইনজীবী সমিতির অ্যাডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব এবং জামায়াতপন্থি আইনজীবী অ্যাডভোকেট কাওছার আলীসহ সমিতির বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ আইনজীবীবৃন্দ।

মন্তব্য করুন